ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখানে গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক পথচারী নিহত হয়েছে। তার বয়স অনুমান ৬০ বছর। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার নিমতলা এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই পথচারী ভিক্ষাবৃত্তি করত বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ।
জেলার শ্রীনগর উপজেলার হাষাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, উপজেলার নিমতলা এলাকার এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের কাছে সার্ভিস লেন পারা হচ্ছিল পথচারী।
এ সময় দ্রুত গতির অজ্ঞাত এক গাড়ি পথচারীকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পথচারীর পরিচয় জানার চেষ্টা করছেন তারা।