নিহত আবুল কাসেমের জানাজা অংশ নিল সর্বস্তরের মানুষ

গাজীপুরের ধীরাশ্রমে পতিত সরকারের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় নিহত আবুল কাসেমের জানাজার নামাজ গাজীপুরের রাজবাড়ি ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে শহীদ আবুল কাসেমের লাশবাহী গাড়িটি গাজীপুরের রাজবাড়ি মাঠে পৌঁছায়।

এর আগে সকাল থেকেই রাজবাড়ি মাঠে শত শত লোক এসে অপেক্ষা করতে থাকে। পরে বেলা সাড়ে ১১টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে লাশ বোর্ডবাজারের দক্ষিণ কলমেশ্বরের বাড়িতে নেওয়া হয়। সেখানে আরেকটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিচ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ, মহানগর জামায়াতের নায়েবে আমির মো. আলী হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ইমতিয়াজ আহমেদ তানভীর, গাছা থানা জামায়াতের আমির নিয়াজ উদ্দিন, হেফাজতে ইসলামের নেতা মাওলানা নাসির উদ্দিন প্রমুখ।