ভারতকে হারাবে বাংলাদেশ, বিশ্বাস তালহা জুবায়েরের

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র ৩ দিন বাকি। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মাঝে উত্তেজনা তুঙ্গে। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। দুবাইতে বর্তমানে অবস্থান করছে বাংলাদেশ দল, আর এক নজর তাদের দিকে তাকিয়ে আছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। 

ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই উত্তেজনা, স্নায়ুচাপ এবং কথার লড়াই। শক্তির বিচারে ভারত বর্তমানে অনেক শক্তিশালী হলেও, বাংলাদেশ তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। গত কয়েক বছরে ভারতকে টেক্কা দিয়ে বাংলাদেশ নিজেদের সুনাম অর্জন করেছে। এবারেও সেই লড়াইয়ে জয়ী হবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস করছেন সাবেক জাতীয় দলের পেসার তালহা জুবায়ের।

মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তালহা বলেন, ‘ভারতের সাথে যেকোনো ম্যাচেই আমরা আশা করি, শেষ পর্যন্ত ম্যাচটা চলে যাবে। তবে গত কিছু ম্যাচে আমরা ফিনিশিংটা করতে পারিনি। এবার আশা করছি, সেই ফিনিশিংটা ঠিকভাবে করতে পারব। আমি বিশ্বাস করি, এবার বাংলাদেশই জয়ী হবে।’

এছাড়া পাকিস্তানকে হারানোর ব্যাপারে তালহা আরও যোগ করেন, ‘পাকিস্তানকে হারানো পুরোপুরি সম্ভব।’ তার বিশ্বাস, টিম টাইগারদের শক্তি এতটাই বৃদ্ধি পেয়েছে যে তারা যে কোন দলকে হারানোর সক্ষমতা রাখে। 

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে নিজের দল প্রাইম ব্যাংক সম্পর্কে বলেন তালহা, ‘আমরা বেশ শক্তিশালী দল গঠন করতে পেরেছি। আমাদের দল বেশ তরুণ। রয়েছে নাঈম শেখ, জাকির, দিপু, হাসান মাহমুদ, আরাফাত সানি, অপু, খালেদ, শামীম পাটোয়ারি, ইরফান শুক্কুর, সাব্বির হোসেন, রিশাদ—এদের নিয়ে আমাদের দল ভালো হয়েছে।’ 

রোজা ও গরমের সময় খেলতে চ্যালেঞ্জ নিয়ে বলেন, ‘রোজার সময় এবং গরমে খেলা কঠিন, তবে শাইনপুকুরের সময় যেভাবে খেলেছি, তাতে কোনো অভিযোগ হয়নি। এবারেও আশা করছি, খেলোয়াড়রা কোনো অভিযোগ ছাড়াই খেলে যাবে এবং চোটমুক্ত এক সফল মৌসুম কাটাবে।’

নিচের দিকের ব্যাটারদের নিয়ে তার পরামর্শ, ‘বিপিএলে যেমন চিটাগং কিংসের বিপক্ষে আমাদের দলে কিছু সমস্যা ছিল, মনে হয় তখন খেলোয়াড়দের মধ্যে একটু ভুল ধারণা তৈরি হয়েছিল—ম্যাচ শেষ হওয়ার আগেই যেন তারা ভাবছিল, জয় নিশ্চিত। তবে পেশাদার ক্রিকেটে এটা হতে দেওয়া যাবে না।’ 

চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ে বাংলাদেশ কি এবার নতুন ইতিহাস গড়বে? তালহা জুবায়েরের আত্মবিশ্বাসে ভরসা নিয়ে দেশবাসী অপেক্ষায়।