বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের সবচেয়ে জমজমাট ও ঐতিহ্যবাহী প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগামী ৩ মার্চ পর্দা উঠতে যাচ্ছে টুর্নামেন্টটির। ১২ দলের এই ৫০ ওভারের প্রতিযোগিতাকে ঘিরে উত্তেজনা এবার অন্য উচ্চতায়। তারকাদের দলবদল নিয়ে যেমন আলোচনা চলছে, ঠিক তেমনি কোচিং স্টাফদের দল পরিবর্তনও নজর কেড়েছে। আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে দলবদল। বেশ কয়েকজন শীর্ষ কোচ পরিবর্তন করেছেন নিজেদের ক্লাব, আবার কেউ থেকে গেছেন পুরোনো ঠিকানায়।
ঢাকা প্রিমিয়ার লিগ মানেই আবাহনী লিমিটেড বনাম বাকিরা—এমন ভাবনা ক্রিকেটপ্রেমীদের অনেক দিনের। আর ধানমন্ডির ক্লাবটি মানেই যেন খালেদ মাহমুদ সুজন! এক দশকের বেশি সময় ধরে ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব পালন করা সুজন এবার থাকছেন না আবাহনীর সঙ্গে।
শীর্ষ ক্লাবটি এবার নতুন কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে হান্নান সরকারকে। জাতীয় দলের নির্বাচক পদ থেকে সরে দাঁড়ানো হান্নানের মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে, এরপর ১ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে আবাহনীর দায়িত্ব নেবেন তিনি। রাজনৈতিক পালাবদলের কারণে চাপে থাকা আবাহনী এবার আগের মতো শক্তিশালী দল গড়তে পারেনি। তবে কিছু খেলোয়াড়কে ধরে রেখেছে তারা। এখন হান্নানের হাত ধরে কতটা এগোতে পারে, সেটাই দেখার বিষয়।
আবাহনী থেকে বিদায় নিলেও সুজন থাকছেন ঢাকার ক্রিকেটেই। এবার তিনি প্রিমিয়ার লিগে নতুন উঠে আসা গুলশান ক্রিকেট ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন। প্রিমিয়ারে নবাগত এই দলটিকে শীর্ষ লিগে প্রতিষ্ঠিত করার বড় চ্যালেঞ্জ থাকছে সুজনের সামনে। ক্লাবটি তাদের ফেসবুক পেইজে পোস্ট দিয়ে তাদের কোচ হিসেবে সুজন থাকার বিষয়টি নিশ্চিত করেছে।
বিপিএলে কোচিংয়ে চমক দেখানো তালহা জুবায়ের এবার দায়িত্ব নিচ্ছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। গত মৌসুমে তিনি শাইনপুকুর ক্রিকেট ক্লাবের কোচ ছিলেন, এবার তার নতুন ঠিকানা হয়েছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের দল গোছানোর দায়িত্ব তালহার কাঁধে। গত মৌসুমে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম এই ক্লাবে খেলেছেন, তবে এবার মোহামেডানে যোগ দিয়েছেন তারা। নতুন মৌসুমে তালহা কেমন দল তৈরি করেন, সেটি আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এবারের দলবদলে সবচেয়ে আলোচিত দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়ে তারা বড় চমক দেখিয়েছে। এই দলের কোচের দায়িত্বে থাকছেন মিজানুর রহমান বাবুল। ধারাবাহিক উন্নতির জন্য বিখ্যাত ধানমন্ডি ক্লাবের কোচ হিসেবে আগের মতোই থাকছেন সোহেল ইসলাম। এছাড়া মোহাম্মদ আশরাফুল, নাজমুল ইসলাম, তুষার ইমরান, রাজিন সালেহসহ আরও কয়েকজন সাবেক ক্রিকেটার এবার বিভিন্ন ক্লাবের কোচিং স্টাফের অংশ হিসেবে কাজ করবেন।
বঙ্গবন্ধু স্টেডিয়াম এখন থেকে শুধু ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’
ইংলিশ প্রিমিয়ার লিগের স্পনসরশিপ নীতি বাতিল, আর্থিক ক্ষতির শঙ্কা