রিয়াল মাদ্রিদের জার্সিতে সম্ভবত সবচেয়ে কঠিন মুহূর্তের সম্মুখীন হলেন জুড বেলিংহাম। শনিবার ওসাসুনার বিপক্ষে ম্যাচের ৩৯তম মিনিটে রেফারির সঙ্গে কথা বলার পরই সরাসরি লাল কার্ড দেখেন ইংলিশ মিডফিল্ডার!
পাম্পলোনায় ম্যাচের প্রথমার্ধ থেকেই চড়ছিল উত্তেজনার পারদ। একাধিক ফাউল ও বিতর্কিত সিদ্ধান্তের পর ক্ষোভে ফুঁসছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২১তম মিনিটেই হলুদ কার্ড দেখেন কোচ কার্লো আনচেলত্তি। এরপর ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টির আবেদন নাকচ করা এবং কিলিয়ান এমবাপ্পেকে দুই দফা ফাউলের পরও ফ্রি-কিক না দেওয়ায় রাগে ফেটে পড়েন রিয়ালের খেলোয়াড়রা।
ঠিক এমন পরিস্থিতিতে রেফারির সঙ্গে কয়েক সেকেন্ডের বাকবিতণ্ডায় জড়ান বেলিংহাম। এরপরই তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি!
এর আগে গত বছর মার্চে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ শেষে রেফারির সঙ্গে অসন্তোষ প্রকাশ করে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখেছিলেন বেলিংহাম। তবে এবার পুরোপুরি ভিন্ন এক পরিস্থিতিতে সরাসরি লাল কার্ড পেলেন তিনি।
লাল কার্ডের কারণে এক ম্যাচ নিষিদ্ধ থাকবেন ২০ বছর বয়সী মিডফিল্ডার। তবে রেফারির সঙ্গে অসদাচরণের অভিযোগে শাস্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে লা লিগা কর্তৃপক্ষ।