গা গরমের ম্যাচটাই হবে সাকিবের মেজর প্রস্তুতি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৪ পিএম

রাতের আকাশ পথে সাড়ে ৪ ঘণ্টার বিমানযাত্রা শেষে পুরো একদিন বিশ্রামের সুযোগ পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা অনুশীলনে ঘাম ঝড়িয়েছে। শুরুটা হয়েছিল জিম দিয়ে। তারপর নেট অনুশীলন। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই আলাদা আলাদা অনুশীলন করেছেন ক্রিকেটাররা।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে আগামী সোমবার পাকিস্তানের শাহীনসের বিপক্ষে গা গরমের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এই প্রস্তুতি ম্যাচটি লাল-সবুজের জার্সিধারীদের জন্য গুরুত্বপূর্ণ। ম্যাচটি হবে তাদের জন্য মূল পর্বের প্রস্তুতির শেষ সুযোগ।

ঘাম ঝরানো অনুশীলন সেশন শেষে বাংলাদেশ দলের পেসার তানজিম হাসান সাকিব কথা বলেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় এই পেসার জানালেন, প্রথম দিনের অনুশীলন শেষে শরীর ঝরঝরে। শাহীনসের বিপক্ষে ম্যাচটির অপেক্ষায় তিনি, কারণ ঐ ম্যাচ থেকেই উইকেট সম্পর্কে ধারণা পেতে চান টাইগারদের এই তরুণ তুর্কি।

ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আমরা রাতের লং ফ্লাইটে দুবাই এসেছি এবং তারপর বিশ্রাম নিয়েছি। রিকোভারি খুব ভালো হয়েছে এবং অনুশীলনের পর শরীর আরও ঝরঝরে মনে হচ্ছে।’ 

গা গরমের ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘এটা আমাদের মেজর প্রস্তুতি হবে। আমরা উইকেট সম্পর্কে যতটুকু তথ্য নিতে পারব, সেটা নেওয়ার চেষ্টা করব। কোন ধরনের বল এখানে বেশি কাজ করছে, এবং কোন লেংথের বলে ব্যাটসম্যানরা বেশি স্ট্রাগল করছে, সেটা বুঝে নেওয়ার জন্য গা গরমের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।’ 

তাদের প্র্যাকটিস সেশন সম্পর্কে সাকিব বলেন, ‘আমাদের প্র্যাকটিস সেশন খুব ভালো গিয়েছে। প্রথমে আমরা জিম করলাম এবং তারপর নেট অনুশীলন হয়েছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই আমরা কাজ করেছি। খুব ভালো একটা ফিল হচ্ছে, আমাদের কাছে এটাই বড় বিষয়।’ 

এবারের চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ দল জন্য নতুন এক চ্যালেঞ্জ, যেখানে তারা তাদের সেরা ফর্ম প্রদর্শন করতে প্রস্তুত। সাকিবের আত্মবিশ্বাস এবং দলের প্রস্তুতি দেখে মনে হচ্ছে, টাইগাররা এবার দৃঢ় প্রত্যয়ে মাঠে নামবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত