কক্সবাজারে দেশের দীর্ঘতম আলট্রা-ম্যারাথন ‘কোস্টাল আলট্রা ২০২৫’

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ২০০ কিলোমিটার দীর্ঘ আলট্রা-ম্যারাথন আয়োজন করতে যাচ্ছে ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারের মনোরম মেরিন ড্রাইভ সড়কে অনুষ্ঠিত হবে এই ব্যতিক্রমী দৌড় প্রতিযোগিতা।

‘সুমদ্র বাঁচাও, পৃথিবী বাঁচাও’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই আলট্রা-ম্যারাথন আয়োজনের লক্ষ্য পরিচ্ছন্ন উপকূল, টেকসই উন্নয়ন এবং সামুদ্রিক ইকোসিস্টেম সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া। আয়োজক ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’ একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন, যারা পরিবেশবান্ধব ও দায়িত্বশীল পর্যটন চর্চার প্রসারে কাজ করে যাচ্ছে।

এই ম্যারাথনে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ সাপেক্ষে দেশি-বিদেশি প্রায় ৪০০ জন দৌড়বিদ অংশ নেবেন। তাদের সহায়তায় ২৫০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। প্রতিযোগিতাটি চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে—৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার, ১০০ মাইল এবং ২০০ কিলোমিটার।

বিশেষ দিক হলো, অংশগ্রহণকারীদের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নেই, বরং তাদের সব সুবিধা বিনামূল্যে প্রদান করা হবে।

আলট্রা-ম্যারাথন হলো ৪২.১৯৫ কিলোমিটারের চেয়ে বড় দূরত্বের দৌড় প্রতিযোগিতা। বিশ্বজুড়ে এই দৌড়ের জনপ্রিয়তা বাড়ছে এবং এটি ক্রীড়া পর্যটনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিবেশী দেশগুলোতে ইতোমধ্যে আলট্রা-ম্যারাথনের ব্যাপক প্রচলন হয়েছে। এবার বাংলাদেশেও এই আয়োজনের মাধ্যমে বিশ্ব দরবারে নিজেদের তুলে ধরার সুযোগ তৈরি হলো।

‘কোস্টাল আলট্রা ২০২৫’-এর স্পনসর হিসেবে রয়েছে ইগলু আইসক্রিম, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন গ্রুপ, সিম গ্রুপ, বিকন ফার্মাসিউটিক্যালস, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড ও নাজিহার আইটি সলিউশন লিমিটেড।

কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত রয়েছে দেশের শীর্ষ পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিকাল ড্রিমার্স’ এবং সাইক্লিং গ্রুপ ‘হেমন্ত রাইডার্স’। চ্যারিটি পার্টনার হিসেবে থাকছে বান্দরবানের লামার ‘পাওমাং শিশু সদন’ এবং মানবিক সংগঠন ‘হাফ ম্যাড হিউম্যান’।

এই আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন এবং কক্সবাজার জেলা প্রশাসন।