ইউনাইটডের বিপক্ষে টটেনহ্যামের হ্যাটট্রিক জয়

ইউরোপিয়ান লিগে ফিরে এলো ৪৫ বছর আগের স্মৃতি। সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টানা তৃতীয় জয় পেল টটেনহাম হটস্পার। রবিবার রাতের ম্যাচে ম্যান ইউকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে স্বাগতিকরা। তাদের জয়ের নায়ক জেমস ম্যাডিসন।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ লড়াই করেছে দুই দল। দশম মিনিটে প্রথম সুযোগ পায় ইউনাইটেড। রাসমুস হয়লুন ও আলেহান্দ্রো গার্নাচোর শট ঠেকিয়ে দেন গোলরক্ষক গুলিয়েলমো ভিকারিও। তিন মিনিট পর ম্যাডিসনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। ইউনাইটেডের বিপক্ষে ২৮ বছর বয়সী এই ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডারের প্রথম গোল এটি।

ম্যাচের পরবর্তী সময়ে শুধু একের পর এক আক্রমণ আর পাল্টা আক্রমণ দেখা গেছে, তবে গোল পায়নি কোনো দলই। এই নিয়ে লিগে সর্বশেষ ১২ ম্যাচের ৮টিতেই হারল ম্যান ইউ। ৩টি জয়ের সঙ্গে আছে ১টি ড্র। ২৫ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে নেমে গেছে ইউনাইটেড। ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।