কালীগঞ্জে মোটরসাইকেল উল্টে ব্যবসায়ী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে শফি মিয়া (৫৫) নামের এক পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হড়রা গ্রামের গোলাম সরওয়ারের ছেলে। আহত হয়েছেন মোহাম্মদ উলফাত (৪০) নামের আরও এক ব্যবসায়ী।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন হোসেন জানান, সকালে গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে ওই দুই ব্যবসায়ী যশোর যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে দুইজন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শফি মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত উলফাতকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।