আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এসিড নিক্ষেপ

সেই চিকিৎসক কথক দাশ তিনদিনের রিমান্ডে

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এসিড নিক্ষেপের মামলায় চিন্ময় কৃষ্ণ দাশের অনুসারী সেই ডা. কথক দাশকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি কথক দাশের উপস্থিতিতে এ রিমান্ড শুনানি হয়।
 
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)  মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা ডা. কথক দাশকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
 
ডা. কথক দাশ (৪০) একজন চক্ষু বিশেষজ্ঞ। তিনি ইসকন থেকে বহিষ্কৃত সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাশের অনুসারী হিসেবেও তিনি পরিচিত।
বিতর্কিত ধর্মীয় সংগঠন ইসকন নিয়ে ফেসবুকে পোস্টের জের গত বছরের ৫ নভেম্বর চট্টগ্রাম নগরের হাজারী লেইনে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ইসকনের অনুসারীরা এক দোকানিকে অবরুদ্ধ করে রাখেন। তাকে উদ্ধারে যাওয়া পুলিশ ও সেনাসহ যৌথবাহিনীর সদস্যদের ওপর এসিড নিক্ষেপ করা হয়। এতে সেনাবাহিনীর পাঁচ সদস্যসহ অন্তত ১২ জন আহত হন। পরে হাজারী লেইনে অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।
 
কোতোয়ালী থানার এসআই মিজানুর রহমান এ ঘটনায় মামলা দায়ের করেন। এতে ৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়। 
৫ ফেব্রুয়ারি বিকেলে যুক্তরাজ্যে যাবার জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হলে কথককে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরদিন তাকে চট্টগ্রামে আনা হয়। নগরের কোতোয়ালী থানায় কথকের বিরুদ্ধে থাকা রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে দুইদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ২০২৪ সালের ৩০ নভেম্বর নগরের কোতোয়ালী থানায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাশসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করেছিলেন ফিরোজ নামে স্থানীয় এক বিএনপি নেতা। ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন চিন্ময় কৃষ্ণ দাশ।