চট্টগ্রাম নগরের বালু ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৫ আগস্ট তাহসীন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার।
নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, ‘আফতাব উদ্দিন তাহসীন হত্যা মামলায় ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
এর আগে ফটিকছড়ি থানার পৃথক দুটি অস্ত্র ও হত্যা মামলায় এবং হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় বিভিন্ন দফায় মোট ২০ দিন পুলিশ রিমান্ডে ছিলেন ইমন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে। তার বাবার নাম মো. মুসা।
জানা যায়, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে নগরের চান্দগাঁও থানাধীন শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে আফতাব উদ্দিন তাহসীনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা মো. মুসা।
মামলার অন্য আসামিরা হলেন সাজ্জাদের সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাত ভাই খোরশেদ এবং মো. হেলাল।
গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। ইমনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি এবং চাঁদা না পেয়ে বাসাবাড়িতে গুলিবর্ষণের অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত দেড় ডজন মামলা রয়েছে।