নেইমারের বিপক্ষে খেললেন বাংলাদেশ ফেরত রবসন রবিনহো

রবসন রবিনহো নামটির সঙ্গে গভীর পরিচিতি বাংলাদেশের ফুটবল সমর্থকদের। ২০২০-২১ মৌসুম থেকে বসুন্ধরা কিংসের সাবেক এ অধিনায়ক তার ফুটবল শৈলীতে বুঁদ করেছেন গত আসর পর্যন্ত। এ আসর থেকে তিনি নেই বসুন্ধরার তাঁবুতে। শোনা গিয়েছিল পাড়ি জমাবেন ভারতের ইস্ট বেঙ্গলে। কিন্তু গত রাতে এই রবিনহোকে হঠাৎ দেখা গেল নেইমারের সঙ্গে ম্যাচ খেলতে।

সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচে গতরাতে নেইমারের সান্তোস খেলতে নেমেছিল আগুয়া সান্তার বিপক্ষে। এই ক্লাবটিই রবিনহোর বর্তমান ঠিকানা। এ বছরের জানুয়ারির ৩ তারিখ নিজের সাবেক এই ক্লাবে যোগ দেন রবিনহো। ফ্লুমিনেন্স থেকে বাংলাদেশে এসেছিলেন তিনি। তার আগে প্রায় ছয় মাস ধারে আগুয়া সান্তায় খেলেছেন।

গত রাতের ম্যাচে ৭৭ মিনিটে ২১ নাম্বার জার্সিতে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন বাংলাদেশ মাতিয়ে যাওয়া এই রবিনহো। তবে নেইমারের বিপক্ষে হেরে মাঠ ছাড়তে হয়েছে। ৫০৩ দিন পর নেইমারের প্রথম গোলের রাতে ৩-১ ব্যবধানে জেতে সান্তোস।