একমাস পর মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৭ এএম

ইনজুরি কাটিয়ে ফিরে মাঠে নামলেন, আর নেমেই দেখালেন নিজের চিরচেনা জাদুকরী রূপ। চোটের কারণে এক মাসেরও বেশি সময় বাইরে থাকার পর প্রত্যাবর্তন ম্যাচেই সান্তোসকে এক পয়েন্ট এনে দিলেন নেইমার। ব্রাসিলেইরাও-এর ২৯তম রাউন্ডে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ঘরের মাঠ ভিলা বেলমিরোতে শীর্ষের ফ্ল্যামেঙ্গোর সঙ্গে ২-২ গোলের নাটকীয় ড্র করেছে সান্তোস।

প্রথম অর্ধে অতিথি দলের শক্ত অবস্থান

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে আধিপত্য দেখায় ফ্ল্যামেঙ্গো। যদিও পাল্টা আক্রমণে বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিলেন সান্তোসের গ্যাবিগোল। প্রথমার্ধের ৪৪ মিনিটে সাবেক সান্তোস তারকা দানিলোর দূরপাল্লার নিচু শট লক্ষ্যভেদ করলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অতিথি দলটি। এরপর বিরতির ঠিক আগে (৪৫+৪ মিনিটে) কারাসকালের কর্নার থেকে দুর্দান্ত হেডে ব্যবধান দ্বিগুণ করেন লুকাস পাকেতা।

দুই গোলে পিছিয়ে থেকে দ্বিতীয় অর্ধে ফিলিপ কুটিনহোর জায়গায় মাঠের লড়াইয়ে নামেন নেইমার। তাঁর উপস্থিতিতেই বদলে যেতে থাকে সান্তোসের আক্রমণের গতি।

ম্যাচের ২৬ মিনিটে ঘটে এক আলোচিত ঘটনা। বক্সে রনির সাথে বল দখলের লড়াইয়ে ফ্ল্যামেঙ্গোর মিডফিল্ডার জর্জিঞ্জো মাটিতে পড়ে বল হাত দিয়ে ধরে ফেলেন। রেফারি প্রথমে ফ্রি-কিক ও হলুদ কার্ডের সিদ্ধান্ত নিলেও প্রায় সাত মিনিটের ভিএআর (VAR) পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয় এবং জর্জিঞ্জোকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন। ৮২ মিনিটে ঠাণ্ডা মাথার পেনাল্টি শটে ব্যবধান ২-১ করেন নম্বর ১০ নেইমার।

একজন খেলোয়াড় কম থাকার সুযোগ কাজে লাগিয়ে অল-আউট আক্রমণে যায় সান্তোস। ৮৭ মিনিটে বক্সে গ্যাবিগোলকে ফাউল করেন ফ্ল্যামেঙ্গোর লুইস আরাউজো। রেফারি আবারও পেনাল্টির বাঁশি বাজান। নিজের দ্বিতীয় গোলটি করতে ভুল করেননি নেইমার। আবারও পেনাল্টি থেকে পোস্টের ঠিকানা খুঁজে নিয়ে গ্যালারিকে উল্লাসে মাতান এই ব্রাজিলিয়ান সুপারস্টার। ম্যাচের বাকি সময়ে আরও কিছু সুযোগ তৈরি হলেও ২-২ ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রয়ের পরও ২৯ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে ব্রাসিলেইরাও পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে ফ্ল্যামেঙ্গো। তবে টেবিলের শীর্ষস্থান মজবুত করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল তারা। অন্যদিকে, ঘরের মাঠে দুর্দান্ত এই লড়াই শেষে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৮ নম্বর স্থান ধরে রেখেছে সান্তোস।

সর্বশেষ সর্বাধিক পঠিত