শীতকালীন ঝড় ও টানা বর্ষণে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের অনেক এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। যার মধ্যে আটজনই কেন্টাকির বাসিন্দা বলে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর অ্যান্ডি বেশিয়ার। এ ছাড়া জর্জিয়ায় আরও একজনের মৃত্যুর খবর দিয়েছেন তিনি। সপ্তাহান্তের এ ঝড়কে গত এক দশকের মধ্যে কেন্টাকিতে আঘাত হানা সবচেয়ে গুরুতর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটি বলে বর্ণনা করেছেন কেন্টাকির গভর্নর। কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, টেনেসি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলিনাতে সপ্তাহান্তে ঝড়-সংক্রান্ত সতর্কতা জারি হয়েছিল। গত বছর সেপ্টেম্বরে ঘূর্ণিঝড় হেলেনে এই আটটি অঙ্গরাজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল।
রবিবার রাতে এ অঙ্গরাজ্যগুলোর পাঁচ লাখের বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, অঙ্গরাজ্যটির বেশ কিছু অংশে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, যার দরুন বিস্তৃত এলাকায় বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে ৩০০-এর বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম চলছে।