চ্যাম্পিয়নস ট্রফিতে রিশাদের দিকে তাকিয়ে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফির মূলপর্বে নামার আগেই প্রস্তুতি ম্যাচে বড় পরাজয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ। যদিও পাকিস্তানের উইকেটগুলো এখন বেশিরভাগই ব্যাটিং সহায়ক। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে তো ৩৫২ রান তাড়া করে জিততেও দেখা গেছে। এমন উইকেটে প্রতিপক্ষ ব্যাটারদের সামলাতে বাংলাদেশ আস্থা রাখছে লেগস্পিনার রিশাদ হোসেনের ওপর।

বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে দুবাইয়ে। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে দুবাইয়ে দুটি উইকেটকে নতুন করে সাজনো হয়েছে। অব্যবহৃত উইকেটে ব্যাটার-বোলার উভয়েই সহায়তা পাবে। তার ওপর ভারতের যে ব্যাটিং লাইনআপ, তাতে হাইস্কোরিং ম্যাচের সম্ভাবনা বেশি। এমন উইকেটে ব্যাটারদের আটকাতে প্রয়োজন রিশাদের মতো লেগস্পিনারদের সাহসী ডেলিভারি।

আইসিসির প্রকাশিত এক ভিডিওতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেই কথাটাই মনে করিয়ে দিয়েছেন, ‘রিশাদ ভালো বোলিং করলে আমরা ভালো অবস্থানে থাকব। কারণ, আমরা জানি পাকিস্তানের উইকেট কতটা ভালো। এই টুর্নামেন্টে রিস্ট স্পিনাররা বেশি গুরুত্বপূর্ণ। রিশাদ এই টুর্নামেন্টে কেমন বোলিং করে তা দেখতে উন্মুখ হয়ে আছি।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েছিলেন রিশাদ। তাকে নিয়ে পেসার তানজিম সাকিব বলেছেন, ‘রিশাদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বল হাতে ও সব সময় ব্রেকথ্রু এনে দেয়। আবার ব্যাটিংয়ে যখন প্রয়োজন তখন রান করে।’ একই ভিডিওবার্তায় ওপেনার সৌম্য সরকার রিশাদকে উল্লেখ করেছেন গেম চেঞ্জার হিসেবে, ‘রিস্ট স্পিনাররা গেম চেঞ্জার। রিশাদের দিকে আমরা তাকিয়ে আছি।’