চিকিৎসকদের আন্দোলনের মুখে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। তার স্থলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজির অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়।
সম্প্রতি হাসপাতালে আওয়ামী লীগপন্থি স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ডা. গুরুদাস মন্ডলের যোগদান ঘিরে পরিচালকের সঙ্গে বিএনপি ও জামায়াতপন্থি চিকিৎসকদের বাগবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে পরিচালক আউটসোর্সিংয়ের কর্মীদের মাধ্যমে চিকিৎসকদের ওপর হামলা চালান। প্রতিবাদে চিকিৎসকরা নিয়মিত অস্ত্রোপ্রচার বন্ধ করে আন্দোলন করেন ও টানা চারদিন অস্ত্রোপচার বন্ধ থাকে।
এরই মধ্যে পদত্যাগ করেন ডা. কাজী দীন মোহাম্মদ। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিজের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আবেদন করেন ও মন্ত্রণালয় সে আবেদন গ্রহণ করে নিয়োগ বাতিলের ব্যবস্থা নেয়। এরই প্রেক্ষিতে গতকাল ডা. কাজী দীন মোহাম্মদের নিয়োগ বাতিল করে নতুন পরিচালন নিয়োগ দেয় মন্ত্রণালয়।
এর আগে গত রবিবার আন্দোলন প্রত্যাহারে করে অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা।