টিকটকে প্রধান উপদেষ্টাকে কটূক্তি যুবলীগ সদস্য গ্রেপ্তার

জাতীয় সংগীতকে ব্যঙ্গ করে ও অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তিমূলক ভিডিও টিকটকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলায় আওয়ামী যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম মো. আলম মিয়া। সে উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য ও একই ইউনিয়নের গোপালপুর ঝা-ারের মোড় এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য মো. আলম মিয়া গত ৩-৪ দিন আগে তার টিকটক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে বাংলাদেশের জাতীয় সংগীতকে ব্যঙ্গ করে ও অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উসকানি ও কটূক্তিমূলক ভিডিও ছড়িয়ে দেওয়ায় নাগেশ্বরী থানা পুলিশ অভিযান চালিয়ে গত সোমবার রাত ৯টায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিআইও মো. আলমগীর হোসেন বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কে কটূক্তি ও উসকানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে আসছিল গ্রেপ্তারকৃত আলম মিয়া। গ্রেপ্তারকৃত আলম মিয়াকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।