পোড়া রিসোর্ট থেকে ১০ দিন পর শিক্ষিকার কঙ্কাল উদ্ধার

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ এএম

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেকের টুপটুপ রিসোর্টে অগ্নিকা-ের ঘটনায় নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ১০ দিন পর গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পোড়া রিসোর্টের দ্বিতীয়তলা থেকে তার কঙ্কাল উদ্ধার করা হয়। মুক্তা ঢাকার সাভারের আশুলিয়া গ্রামের মোস্তফা কামালের মেয়ে ও ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী। তিনি স্বপ্নবিলাস ইউনাইটেড স্কুলের শিক্ষক ছিলেন।

গত ১৭ অক্টোবর সকালে টুপটুপ রিসোর্টে আগুন লাগে। সেদিন সেখান ১০ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পর দিন অগ্নিকা-ের ঘটনায় ১১ জন নিখোঁজের কথা জানা যায়। পরে ফায়ার সার্ভিস দ্বিতীয় দফা সেখানে অভিযান চালায়। কিন্তু রিসোর্টটি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় ফায়ার সার্ভিস অভিযান সমাপ্ত করে। পরে গতকাল মঙ্গলবার আবার সেখানে অভিযান চালানো হয়।

মুক্তার স্বামী দেওয়ান ফয়সাল বলেন, মুক্তার দেহ পুড়ে কঙ্কাল হয়ে গেছে। তার গলায় থাকা চেইন থেকে আমি তাকে শনাক্ত করতে পেরেছি। এবার মরদেহ নিয়ে বাড়ি ফিরতে চাই। উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, একজন নিখোঁজের বিষয়টি জানতে পেরে তার মোবাইল ট্র্যাকিং করি। তার শেষ লোকেশন ছিল পাটুয়ারটেক। পরে দুপুরে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি টিম রিসোর্টের দ্বিতীয়তলায় একটি দগ্ধ মরদেহ খুঁজে পায়। মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই মরদেহসহ নিখোঁজ ১১ জনের সন্ধান মিলেছে। আগের ১০টি মরদেহ ডিএনএ প্রতিবেদনের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। এই কারণে এই মরদেহটি মুক্তার সেটি নিশ্চিত। তার স্বামীও গলার চেইন দেখে স্ত্রী মুক্তাকে শনাক্ত করেছেন।

১০ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর : গেল ১৭ অক্টোবর পোড়া রিসোর্ট থেকে উদ্ধার হওয়া ১০ জনের দগ্ধ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। অগ্নিকা-ের ১০ দিন পর গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে ৫ পরিবারের ১০ জনের মরদেহ দুই স্বজনকে বুঝিয়ে দেন জেলা প্রশাসক আবদুল মান্নান। তিনি বলেন, এ ঘটনায় জড়িতরা কোনোভাবেই ছাড় পাবে না।

সর্বশেষ সর্বাধিক পঠিত