ক্রিশ্চিয়ানো রোনালদোর ইউটিউব চ্যানেল এবার রূপ নিলো লাইভ স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্মে। বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়াবিদের ইউটিউব অ্যাকাউন্ট থেকে সম্প্রচার হলো রিয়াদ প্রিমিয়ার পাডেল ফাইনাল।
রোনালদো ইউটিউবে এসেছেন মাত্র এক বছর হলো, অথচ ইতোমধ্যেই তার চ্যানেল ৭৩ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁয়েছে। এবার সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই তিনি পাডেল খেলার সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করলেন।
পাডেলের সঙ্গে রোনালদোর সংযোগ একেবারেই নতুন কিছু নয়। পর্তুগালে তার নিজস্ব পাডেল ট্রেনিং কমপ্লেক্স রয়েছে, যেখানে এই খেলাটির প্রচারে তিনি সরাসরি যুক্ত। রিয়াদেও পাডেলের প্রচারে সক্রিয় এই পর্তুগিজ তারকা।
রোনালদোর প্যাডেল সম্প্রচারের পেছনে আর্থিক কোনো চুক্তি ছিল না বলে নিশ্চিত করেছে প্রিমিয়ার পাডেল লিগ, যা কাতারের সার্বভৌম সম্পদ তহবিলের দ্বারা পরিচালিত। তবে রোনালদোর কাতারি বিনিয়োগকারী নাসের আল-খেলাইফির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যিনি কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস ও প্রিমিয়ার পাডেলের চেয়ারম্যান।
২০২৪ সালে ২৬০ মিলিয়ন ডলার আয় করে রোনালদো ছিলেন বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদ। এর মধ্যে ২১৫ মিলিয়ন এসেছে আল-নাসরের সঙ্গে তার চুক্তি থেকে, আর বাকি ৪৫ মিলিয়ন ডলার এসেছে বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও অন্যান্য উৎস থেকে।
তার বিশাল ভক্তগোষ্ঠীকে কাজে লাগিয়ে পাডেল খেলার প্রচার চালাচ্ছে আয়োজকরা। ইতোমধ্যে রোনালদোর পোস্ট করা একাধিক পাডেল-সংক্রান্ত ভিডিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। 'আমি বিশ্বের সেরা পাডেল খেলোয়াড়কে হারিয়েছি' শিরোনামের একটি ভিডিওতে এখন পর্যন্ত ২.৪ মিলিয়নের বেশি ভিউ হয়েছে।
রোববার ফাইনালের আগে রোনালদোর ইউটিউব লাইভ স্ট্রিমের লাইক সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়ে যায়। বৃষ্টিবিঘ্নিত বিরতির সময়ও শত শত দর্শক একসঙ্গে স্ট্রিম দেখছিলেন, লাইভ চ্যাটে রোনালদোর প্রতি সমর্থন জানাচ্ছিলেন।
একজন ফুটবল তারকার ব্যক্তিগত প্ল্যাটফর্ম থেকে পাডেল খেলার এই লাইভ সম্প্রচার নিঃসন্দেহে স্পোর্টস স্ট্রিমিং জগতে নতুন দিক উন্মোচন করলো। ভবিষ্যতে অন্যান্য ক্রীড়াবিদরাও কি একই পথে হাঁটবেন? এখন সেটাই দেখার বিষয়!