অবশেষে পাকিস্তানের স্টেডিয়ামে উড়ল ভারতের পতাকা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৫ পিএম

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে, আয়োজক পাকিস্তানের স্টেডিয়ামগুলোতে অন্য সব দেশের পতাকা থাকলেও নেই ভারতের পতাকা। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও বেশ তোলপাড় হয়েছিল। আজ বুধবার আসর শুরুর দিনে অবশ্য করাচি স্টেডিয়ামে অন্য দলগুলোর সঙ্গে ভারতের পতাকাও দেখা গেছে।

কোনো টুর্নামেন্টের আয়োজক দেশের স্টেডিয়ামে অংশগ্রহণকারী দলগুলোর জাতীয় পতাকা লাগানো হয়। এটাই রীতি। কিন্তু ভারতের আপত্তিতে এবারের চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। তাই অনেকে দুয়ে দুয়ে চার মিলিয়ে দাবি করছিলেন যে, ভারতকে জবাব দিতেই পিসিবি পতাকা লাগায়নি। কিন্তু টুর্নামেন্ট শুরুর দিনে দেখা গেল ভিন্ন চিত্র।

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের সাংবাদিক ফরিদ খান একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের পতাকা উত্তোলন করা হয়েছে। কী চমৎকার এক মুহূর্ত।’ সেই পোস্টে পাকিস্তানিদের ‘বড় মনের মানুষ’ উল্লেখ করে ফরিদ লিখেছেন, ‘সাতজন ভারতীয় সাংবাদিককে ভিসা দেওয়া হয়েছে।’ উল্লেখ্য, ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভিসা পেতে মহা সমস্যায় পড়েছিলেন পাকিস্তানি সাংবাদিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত