সাভারের আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক ও দুই পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতদের মরদেহগুলো উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। এঘটনায় অটোরিকশাচালককে চাপা দেওয়া শ্যামলী পরিবহনের একটি বাস জব্দ করেছে পুলিশ।
বুধবার দুপুরে তিন জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী, শ্রীপুর ও আশুলিয়া থানা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক বদু, রাজবাড়ী জেলার বালিয়াকান্দী থানার বোকশাবাড়ি গ্রামের মৃত মো. মোস্তফার ছেলে আবু তাহের (২৮) ও নীলফামারী জেলার ডোমার থানার মধ্য চিকনমাটি গ্রামের আফসার আলীর স্ত্রী লিলি বেগম। তিনি আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় ছেলের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একট দূরপাল্লার বাস একে একে তিনটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশাচালক বদু মারা যান। আহত অপর দুই অটোরিকশাচালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বিকেলে নবিনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানা এলাকায় একটি অজ্ঞাত পরিবহনের গাড়ি চাপায় লিলি বেগম নামে এক বৃদ্ধা নিহত হন এবং দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় ঢাকাগামী লেনে অজ্ঞাত পরিবহনের চাপায় আবু তাহের নামে আরও এক ব্যক্তি মারা গেছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, নিহত আবু তাহের ও বৃদ্ধা লিলি বেগমের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে নিহত অটোরিকশাচালকের বদুর মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া অটোরিকশাচালককে চাপা দেওয়া শ্যামলী পরিবহনের বাসটিও আটক করা হয়েছে তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।