‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ এই স্লোগান সামনে রেখে শুরু হওয়া ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সিরাজগঞ্জের যমুনা নদীর হার্ড পয়েন্টে এ অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যেই সব আয়োজন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে অংশগ্রহণকারী রোভার স্কাউট, রোভার লিডার, স্বেচ্ছাসেবকদের উপস্থিতি ও নাম লিপিবদ্ধকরণ শুরু হয়।
কমডেকার সমন্বয়কারী প্রফেসর ড. খান মাঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-২ এ আগামী ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত এই কমডেকা চলবে। এবারের কমডেকায় দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৬ হাজার স্কাউট সদস্য ও লিডারেরা অংশগ্রহণ করছে। কমডেকার বিভিন্ন অংশে উপস্থিত থাকবেন অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ স্কাউটসের নীতি নির্ধারকেরা।
উল্লেখ্য, ২০০১ সালে সিরাজগঞ্জে ৩য় জাতীয় কমডেকা ও ৮ম জাতীয় রোভার মুট অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় থেকেই হার্ড পয়েন্ট এলাকাটি স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।