রাস্তা পারাপারের সময় প্রাণ গেল ইবি কর্মকর্তার

কুষ্টিয়ায় রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নারী কর্মকর্তা নিহত হয়েছেন। ওই কর্মকর্তার নাম ইশরাত জাহান লাবনী (৪০)। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের সহকারী রেজিস্ট্রার। বুধবার রাত ৯টার দিকে শহরের এন এস রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এদিকে ওই কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার মো. সাহেদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পৃথক শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওই কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কর্মকর্তা সমিতি নারী কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের সহকারী রেজিস্ট্রার মোছা. ইশরাত জাহান (লাবনী) কুষ্টিয়া এন এস রোডে দুর্ঘটনার শিকার হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা তার মৃত্যুতে শোকাহত। আমরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৯ ফেব্রুয়ারি কুষ্টিয়া এন এস রোড এলাকায় রাত ৯ টার দিকে রাস্তা পার হচ্ছিলেন ইশরাত জাহান লাবনী। এ সময় মজমপুর থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়কে বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে ইটভর্তি ট্রলির ধাক্কায় শাকিব হোসেন (১২) নামের এক শিশু নিহত হয়।