ইবির ডাবল ডেকার বাসে পেট্রোল বোমা নিক্ষেপ 

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১১:৫০ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবি একটি ডাবল ডেকার বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমাবার (৯ নভেম্বর) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের 'দিগন্ত' নামের একটি বাসে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে ফেরার পথে গাড়াগঞ্জ নামক এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য এ ধরনের কর্মকাণ্ড চালানো হয়েছে বলে অনেকে ধারণা করেছেন।

বাসচালক ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ থেকে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসার পর ভাটোয়াবাজার এলাকায় রাস্তার কাজের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে বাসটি নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে চলছিল। চানপুর বাজার পার হয়ে ড্রাগন বাগান এলাকায় পৌঁছালে যানজটের কারণে বাসটি ধীরগতিতে চলছিল। এ সময় হঠাৎ একটি কালো রঙের মোটরসাইকেলে থাকা দুইজন দুর্বৃত্ত বাসটির সামনে এসে পেট্রোলবোমা নিক্ষেপ করে। তাদের মোটরসাইকেলটির কোনো নম্বরপ্লেট ছিল না। দুজনের পরনেই কালো পোশাক এবং মাথায় হেলমেট ছিল। পেট্রোলবোমা নিক্ষেপ করেই তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে চালক দ্রুত বাসটি পাশ কাটিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন এবং নিরাপদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, 'নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে ঘিরে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাসে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। আমাদের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যরা সব সময় সজাগ রয়েছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।'

 

সর্বশেষ সর্বাধিক পঠিত