রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন ছিল তার অনেক দিনের, এবার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এবার সেখানে নতুন গড়তে চান কিলিয়ান এমবাপ্পে। 'আমি রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস গড়তে চাই।'—ম্যানচেস্টার সিটির বিপক্ষে বিধ্বংসী হ্যাটট্রিকের পর সরাসরি জানিয়ে দিলেন ফরাসি তারকা।
চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে উড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদ, যেখানে এমবাপ্পের তিন গোলেই নিশ্চিত হয় ৬-৩ ব্যবধানে তাদের এগিয়ে যাওয়া। প্রথম লেগে ইতিহাদ স্টেডিয়ামে ৩-২ ব্যবধানে জয় পেলেও তার একমাত্র গোলটি ছিল কিছুটা ভাগ্যের সহায়তায়। তবে দ্বিতীয় লেগে কোনো বিতর্কের জায়গা রাখেননি, গতি, দক্ষতা আর নিখুঁত ফিনিশিংয়ে সিটি রক্ষণকে বিধ্বস্ত করেছেন তিনি।
তবে এই ফর্মটা এমবাপ্পের জন্য সহজে আসেনি। রিয়ালে যোগ দেওয়ার পর প্রথম ১১ ম্যাচে মাত্র তিন গোল করেছিলেন, যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। তবে সেই ধীরগতির শুরু পেছনে ফেলে এখন সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ গোল করে ফেলেছেন তিনি। নিজেই জানালেন, 'আমার মানিয়ে নেওয়ার সময় শেষ, এখন আমাকে আমার আসল গুণ দেখাতে হবে।'
এক সময় মাদ্রিদিস্তাদের সন্দেহ ছিল, কিন্তু সেই সংশয়ের মেঘ এখন কেটে গেছে। ম্যাচের ৭৮তম মিনিটে বদলি হওয়ার সময় বার্নাব্যুতে দাঁড়িয়ে অভ্যর্থনা পান এমবাপ্পে—যা রিয়াল ভক্তদের ভালোবাসার স্পষ্ট প্রমাণ।
এমবাপ্পের কঠিন সময়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বিশ্লেষকরা বলছেন, এই ম্যাচই হয়তো তাকে নতুনভাবে প্রতিষ্ঠা করল। ইউরোপিয়ান ফুটবল বিশ্লেষক জেমস হর্নক্যাসল মনে করিয়ে দিয়েছেন, 'প্রথম এল ক্লাসিকোতে এমবাপ্পে আটবার অফসাইডে পড়েছিলেন, যা তার জন্য অকল্পনীয় ছিল।'
ফর্মহীনতার কারণে ফ্রান্স জাতীয় দল থেকেও বাদ পড়েছিলেন তিনি। কিন্তু নতুন বছরে বদলে গেছেন পুরোপুরি—সর্বশেষ ছয় লা লিগা ম্যাচে সাত গোল করে ফর্মে ফিরেছেন।
রিয়াল কোচ কার্লো আনচেলত্তির মতে, এমবাপ্পের সামনে ক্রিশ্চিয়ানো রোনালদোর উচ্চতায় পৌঁছানোর সুযোগ আছে। কারণ, রিয়ালের হয়ে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে এমবাপ্পের সাত গোল, যা রোনালদো (২০০৯-১০) এবং জুস্তো তেজাদার (১৯৬১-৬২) রেকর্ড স্পর্শ করেছে।
'সবাই এমবাপ্পের এই হ্যাটট্রিকের অপেক্ষায় ছিল,' বললেন আনচেলত্তি। আর সতীর্থ জুড বেলিংহাম যোগ করলেন, 'তার ক্যারিয়ার অবিশ্বাস্য। ধীরগতির শুরুর পর এখন সে উড়ছে!'
যেভাবে এগোচ্ছেন এমবাপ্পে, তাতে রিয়ালের নতুন ইতিহাস লেখার কারিগর হিসেবে তার নাম উঠে আসাটাই স্বাভাবিক। সাবেক ইংল্যান্ড তারকা জোলিয়ন লেস্কটের মতে, 'যদি রিয়াল এবার চ্যাম্পিয়ন হয়, তাহলে সবাই এমবাপ্পেকে তাদের নেতা হিসেবে মেনে নেবে।'