চাপে বাংলাদেশ, হৃদয়-জাকেরের লড়াইয়ে প্রতিরোধের চেষ্টা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৩ পিএম

টপ অর্ডারের ব্যর্থতার পর বাংলাদেশের ইনিংস ধসে পড়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে ষষ্ঠ উইকেটে তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে কিছুটা স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে। ১৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৯০/৫, উইকেটে অবিচল এই দুই ব্যাটার।

শুরুতে উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। ইনিংসের নবম ওভারে ২৫ রান করা তানজিদ হাসান উইকেটকিপার লোকেশ রাহুলকে ক্যাচ দিয়ে ফিরলে বিপদ আরও বেড়ে যায়। এরপর শূন্য রানে আউট হন মুশফিকুর রহিম। ১১ ওভার শেষে ৪২/৫ স্কোরলাইন বাংলাদেশের জন্য বড় চাপ হয়ে দাঁড়ায়।

তবে এরপর থেকেই খেলায় ধীরস্থিরতা আনতে শুরু করেন তাওহিদ ও জাকের। ধৈর্য ধরে খেলতে থাকেন দুজন, বাড়তি ঝুঁকি না নিয়ে প্রতিরোধ গড়ার দিকে মনোযোগ দেন। তাদের ব্যাটে ধীরে হলেও এগোতে থাকে বাংলাদেশের ইনিংস।

২০তম ওভারে হার্দিক পান্ডিয়া লং অফে জাকেরের ক্যাচ ফেলেন। এটি ছিল জাকেরের দ্বিতীয় জীবন, আগেও একবার ক্যাচ ফেলেছিল ভারত। এই সুযোগ কাজে লাগিয়ে ক্রিজে আরও থিতু হওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি ও হৃদয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯০/৫। ৯৫ বলে ৬০ রানের অপরাজিত জুটি গড়েছেন জাকের (২৭*) ও হৃদয় (২৯*)। তাদের এই লড়াই কতদূর গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত