মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল বাংলাদেশের ইনিংস। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়েন জাকের আলি ও তৌহিদ হৃদয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি বাংলাদেশের ষষ্ঠ উইকেটে প্রথম শতরানের জুটি, এর আগে সর্বোচ্চ ছিল ৪৫ রান।
ইনিংসের প্রথম বলেই জীবন পেয়েছিলেন জাকের আলি। সেই সুযোগ কাজে লাগিয়ে কুলদীপ যাদবের বলে দুই রান নিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। উদযাপনে কোনো বাড়াবাড়ি নেই, সতীর্থ হৃদয়ের সঙ্গে মুষ্টিবদ্ধ হাত মিলিয়ে ড্রেসিংরুমের করতালির জবাব দিলেন। এরপর জাদেজার স্পিন সামলে হৃদয়ও তুলে নেন ফিফটি।
তবে বাংলাদেশের ইনিংসের মূল স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকা জাকের শেষ পর্যন্ত ফিরলেন মোহাম্মদ শামির বলে। অফকাটার, বেশ বাইরের দিকে রাখা হয়েছিল, বল টেনে লেগ সাইডে পাঠাতে চেয়েছিলেন জাকের। কিন্তু পুরোপুরি পারেননি, বল কিছুক্ষণ বাতাসে ভাসার পর লং অন থেকে এগিয়ে এসে সহজ ক্যাচ নিলেন বিরাট কোহলি।
এই আউটের মধ্য দিয়ে শামি পূর্ণ করলেন ওয়ানডে ক্রিকেটে ২০০ উইকেট। জাকের ফেরার আগে ৬৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন ১১৪ বলে, যেখানে ছিল ৪টি চারের মার।
বাংলাদেশের ইনিংস এখনও হৃদয়ের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে, তবে জাকেরের বিদায়ে আবারও চাপে পড়েছে দল।