এ রকম একটা স্কোয়াড কেউ আগে কখনো দেখেনি। মাস দুই আগে কল্পনাও করেনি। ২০১০ সাল থেকেই নারী জাতীয় ফুটবল দলের সব স্কোয়াডেই একটা নাম ছিল কমন-সাবিনা খাতুন। বৃহস্পতিবার ব্রিটিশ কোচ পিটার বাটলার আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য যে দল ঘোষণা করেছেন, সেখানে সাবিনার জায়গা হয়নি। জায়গা হবে না এটা অনুমিতই ছিল। শুধু সাবিনা নন বাটলারের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া ১৮ ফুটবলারের কেউই নেই তালিকায়। দেশকে পরপর দুটি সাফ জেতাতে যাদের ছিল অগ্রণী ভূমিকা, তাদের একজনও নেই বাটলারের ২৩-এ।
বৃহস্পতিবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাত থেকে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক স্বীকৃতি একুশে পদক গ্রহণ করেছেন সাফজয়ী নারী ফুটবলাররা। এর দুই ঘণ্টা যেতে না যেতেই জাতীয় দল থেকে বাদ পড়ার সংবাদ পেলেন সাবিনা, মাসুরা, রূপনা, ঋতুপর্ণা, মারিয়া, মনিকা, কৃষ্ণা, সানজিদা, মাসুরা, সামসুন্নাহার সিনিয়র ও জুনিয়র, তহুরা, শিউলি, সুমাইয়ারা।
দল ঘোষণাকালে এক ভিডিওবার্তায় বাটলার নতুন এই দলকে নিয়ে ধৈর্য ধরার অনুরোধ করেছেন, ‘আমাদের হাতে একটা তরুণ দল রয়েছে। যাদের ধাতস্ত হতে সময় দিতে হবে। আমাদের ধৈর্য ধরতে হবে। ওদের গেম টাইম দেওয়াটা গুরুত্বপূর্ণ। ওরা হয়তো ভুল করবে। তাতে আশাহত হলে চলবে না।’
সাফে খেলা ২৩ জনের মধ্যে এ তালিকায় আছেন আট ফুটবলার। যাদের মধ্যে শুধু নিয়মিত একাদশে খেলেছেন সেন্টারব্যাক আফিদা খন্দকার।