বাংলাদেশের বিপক্ষে দারুণ সুযোগ পেয়েও হ্যাটট্রিক করতে পারলেন না অক্ষর প্যাটেল। অধিনায়ক রোহিত শর্মা স্বয়ং অক্ষরের বলে জাকের আলীর ক্যাচ ফেলে দেন। পরে তিনি মাঠেই অক্ষরকে স্যরি বলেছেন। পরে জানিয়েছেন, এর খেসারত হিসেবে তিনি অক্ষরকে ডিনারে নিয়ে যাবেন।
৬ উইকেটে জয়ের পর রোহিত স্বীকার করেন ক্যাচটি সহজ ছিল। তিনি বলেন, ‘এটা অবশ্যই সহজ ক্যাচ ছিল। আমার ক্যাচটা ধরা উচিত ছিল। তবে আমি এটাও জানি যে ম্যাচের মধ্যে কখনও কখনও এমন হয়ে যায়। আমি নিশ্চয়ই অক্ষরকে খাওয়াতে নিয়ে যাব।’
ম্যাচের নবম ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে তানজিদ হাসান এবং মুশফিকুর রহিমকে আউট করেন অক্ষর। চতুর্থ বলে ব্যাটার জাকের আলির ব্যাটে খোঁচা লেগে বল চলে যায় স্লিপে দাঁড়ানো রোহিতের কাছে। বল সোজা রোহিতের হাতে এলেও তিনি তা মিস করেন। রোহিত সঙ্গে সঙ্গে বুঝতে পারেন কত বড় ভুল করে ফেলেছেন। হতাশা প্রকাশের পর অক্ষরের কাছে হাত জোড় করে ক্ষমা চান।
শূন্য রানে প্রাণ ফিরে পাওয়া জাকের ৬৮ রান করেন। এছাড়া দারুণ সেঞ্চুরি করেন তাওহীদ হৃদয়। যদিও শুবমানের সেঞ্চুরিতে সব হিসাব নিকাশ বদলে যায়। তরুণ ব্যাটারের প্রশংসায় রোহিত বলেন, ‘শুবমান কোন মাপের ক্রিকেটার আমরা জানি। ওর এই ইনিংস অবাক করে দেওয়ার মতো নয়। শুবমানকে শেষ পর্যন্ত ব্যাট করতে দেখে ভালো লেগেছে।’