ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি, সেটাও আবার ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে আইসিসির টুর্নামেন্টে –তাওহীদ হৃদয়ের জন্য ২০ ফেব্রুয়ারি দিনটা স্মরণীয় হয়ে থাকার কথা ছিল। কিন্তু দল হেরে যাওয়ায় হৃদয়ের সেঞ্চুরিটি বৃথাই গেল। সোশ্যাল মিডিয়ায় এই হতাশাই প্রকাশ করেছেন তরুণ এই ব্যাটার।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে হৃদয় লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক, তবে সবটুকুই বৃথা হয় যখন দল হেরে যায়। শতরানের জন্য আল্লাহর কাছে শুকরিয়ার শেষ নেই, তবে মন খারাপ হয়তো আমি আর একটু ভালো খেললে দলের জন্য আরও ভালো হতো। পরের ম্যাচে ফিরতে চাই, তার জন্য যতো কষ্টই সহ্য করতে হোক না কেন।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দুবাইয়ে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ৩৫ রানেই পড়ে ছিল ৫ উইকেট। সেখান থেকে শতাধিক রানের জুটি গড়েন হৃদয় আর জাকের আলী। হৃদয় খেলেন ১১৮ বলে ১০০ রানের ইনিংস আর জাকের করেন ১১৪ বলে ৬৮ রান।