দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে হারের পর এবার শাস্তি পেলেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। একই সঙ্গে তার শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। এর আগে ম্যাচ চলাকালীন শাস্তি পান ডানহাতি পেসার এবাদত হোসেন।
গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট চলাকালে ঘটে এই ঘটনা। খারাপ আলোর কারণে খেলা বন্ধ ঘোষণা করেন মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ। পরে তারা বাংলাদেশের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাওয়ার সময় আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হৃদয়। তার দাবি ছিল, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। এ সময় আম্পায়ারদের সঙ্গে আক্রমণাত্মক ও অনুচিত ভঙ্গিতে কথা বলেন তিনি।
আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গের দায়ে হৃদয়কে লেভেল-১ পর্যায়ের অপরাধে অভিযুক্ত করা হয়। এই ধারায় আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।
তবে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন হৃদয়। ম্যাচ রেফারি ও আইসিসির এলিট প্যানেলের সদস্য অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তিও মেনে নিয়েছেন তিনি। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এই অভিযোগে মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফের পাশাপাশি তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গকুমাও অভিযোগ গঠন করেন।
গত ২৪ মাসে এটিই হৃদয়ের প্রথম অপরাধ। লেভেল-১ পর্যায়ের অপরাধে সর্বনিম্ন আনুষ্ঠানিক সতর্কবার্তা এবং সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি এক বা দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হতে পারে। হৃদয়ের ক্ষেত্রে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানার পাশাপাশি দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।