জয়ে বিপিএলের দ্বিতীয় লেগ শুরু মোহামেডানের

দুর্দান্ত জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগ শুরু হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ ঢাকা ওয়ান্ডারার্সকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে আলফাজ আহমেদের শিষ্যরা।

প্রথমার্ধে কিছুটা ধীরগতির শুরু করলেও মোহামেডান গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বেশি। ম্যাচের ৩৭ মিনিটে ওয়ান্ডারার্সের এক খেলোয়াড়ের হ্যান্ডবলের কারণে ফ্রি-কিক পায় মোহামেডান। সেট-পিস থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান উজবেক মিডফিল্ডার মোজাফফর মোজাফফরভ। মৌসুমে এটি তার প্রথম গোল, তবে এর আগে সতীর্থদের দিয়ে পাঁচটি গোল করিয়েছেন তিনি।

দ্বিতীয়ার্ধে ওয়ান্ডারার্স গোল শোধের জন্য আক্রমণ করলেও মোহামেডানের জমাট রক্ষণে ভাঙন ধরাতে পারেনি। উল্টো ৮১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রহিম উদ্দিন। বদলি হিসেবে নামা রহিম আলতো শটে লক্ষ্যভেদ করেন সৌরভ দেওয়ানের বাড়িয়ে দেওয়া বলে।

৮৮ মিনিটে মোহামেডানের জয় আরও নিশ্চিত করেন দলটির সেরা গোলস্কোরার সুলেমান দিয়াবাতে। মালির এই ফরোয়ার্ড চলমান লিগে ইতোমধ্যেই সাত গোল করে ফেলেছেন।

প্রথম লেগে ৯ ম্যাচে মাত্র একবার হারা মোহামেডান দ্বিতীয় লেগেও জয়ের ধারায় থাকল। ১০ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা আবাহনী, যারা আগামীকাল ফকিরেরপুল ইয়ংমেন্সের মুখোমুখি হবে।

দিনের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। এ ম্যাচে জোড়া গোল করেন গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর।

ময়মনসিংহ স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ পুলিশ এফসির কাছে। এই জয়ে পুলিশের পয়েন্ট ১৩, তারা আছে তালিকার সপ্তম স্থানে। ফর্টিসের সংগ্রহ ১০ ম্যাচে ১৪ পয়েন্ট, পয়েন্ট তালিকায় তারা রয়েছে ষষ্ঠ স্থানে।