ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে বড় পরাজয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছে পাকিস্তান। তার ওপর দলে আছে চোটাঘাতের সমস্যা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে পরের দুটি ম্যাচে ভালো করতে হবে। তবে পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার শোয়েব আখাতার ও শোয়েব মালিকের বিশ্বাস, স্বাগতিকরা ঘুরে দাঁড়িয়ে পরের দুই ম্যাচ জিতে নেবে।
পাকিস্তানের পরের ম্যাচ ভারত ও বাংলাদেশের বিপক্ষে। ইতোমধ্যেই বাংলাদেশকে অনায়াসে ৬ উইকেটে হারিয়ে উড়ছে ভারত। তবে শোয়েব মালিক ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদী, ‘আমি খুবই আশাবাদী যে পরের ম্যাচে আমাদের ভারতকে হারানোর দারুণ সুযোগ আছে। এরপর বাংলাদেশের সঙ্গেও জয়ের ধারা অব্যাহত রাখতে হবে।’
ভারত ম্যাচকে রিজওয়ানদের সুযোগ হিসেবে নিতে বলছেন শোয়েব, ‘এটা ঠিক যে আমাদের মনোবল এখন তলানিতে, আত্মবিশ্বাসও কমে গেছে। কিন্তু আমার মনে হয় এখনো নিজেদের চেনানোর বাকি আছে। ভেবে দেখ, ভারতের বিপক্ষে বাঁচা–মরার ম্যাচটা যদি কেউ জেতায়, তাহলে তৎক্ষণাৎ (রাতারাতি) মহাতারকা হয়ে যাবে। তাই চাপ থাকলেও এটাকে সুযোগ হিসেবে নাও।’
চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাস ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় ৩টি, হার ২টি। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলার আহ্বান জানিয়েছেন গতি তারকা শোয়েব আখতার, ‘রক্ষণাত্মক না হয়ে তোমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলো। ভারতের বিপক্ষে তোমাদের শুভকামনা জানাই। আশা করি নিউজিল্যান্ডের বিপক্ষে যে ভুল করেছ, সেগুলোর পুনরাবৃত্তি করবে না এবং এত কম স্ট্রাইক রেটে ব্যাটিং করবে না।’