বিশ্বকাপজয়ী জিরুর বাড়িতে চুরি, ৫ লাখ ডলার ক্ষতি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৯ পিএম

বিশ্বকাপজয়ী ফরাসি তারকা অলিভিয়ের জিরুর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মার্কিন গণমাধ্যম ইএসপিএন ও টিএমজেড স্পোর্টস জানিয়েছে, চোরেরা ১০টি বিলাসবহুল ঘড়িসহ প্রায় ৫ লাখ ডলারের মূল্যবান সামগ্রী লুট করেছে।

৫ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস পুলিশের কাছে চুরির অভিযোগ আসে। তারা জানায়, জিরুর বাড়ির একটি জানালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। ঘটনার সময় জিরু ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। পরে তার স্ত্রী ফিরে এসে চুরির ঘটনা টের পান এবং পুলিশে খবর দেন।

সম্প্রতি ক্রীড়া তারকাদের বাড়িতে চুরির ঘটনা বাড়ছে। এনএফএল তারকা জো ব্যারো, প্যাট্রিক মাহোমস ও ট্র্যাভিস কেলসের বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে। ফেডারেল প্রসিকিউটররা ৭ জনের একটি চক্রকে অভিযুক্ত করেছেন, যারা মাহোমস ও কেলসের বাড়িতে চুরির সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

৩৮ বছর বয়সী জিরু তার ক্যারিয়ারে আর্সেনাল, চেলসি ও এসি মিলানে খেলেছেন। ক্লাব ফুটবলে ৭১৬ ম্যাচে ২৮৫ গোল করেছেন তিনি। ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। জাতীয় দলের হয়ে তিনি ৫৭ গোল করেছেন।

গত মে মাসে লস অ্যাঞ্জেলেস এফসি-তে যোগ দেওয়া জিরুর দল শনিবার মিনেসোটা ইউনাইটেডের বিপক্ষে এমএলএস মৌসুম শুরু করতে যাচ্ছে। তবে এর আগে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে তারা কলোরাডো র‍্যাপিডসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত