অস্ত্রের মুখে তুলে নিয়ে নারী গার্মেন্ট কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধারালো অস্ত্রের মুখে তুলে নিয়ে ধলেশ্বরী নদীর তীরে এক নারী গার্মেন্ট কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ১৫ দিন পর সিরাজদীথান থানায় মামলা রুজু করা হয়েছে। পরে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ধর্ষণের শিকার নারী গার্মেন্ট কর্মী ৫ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই দিন দিনগত রাতেই পুলিশ মামলা রুজু করে। পরে ওই রাত ১১টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের চর চসুমদ্দিন গ্রামে অভিযান চালিয়ে নুরুল ইসলাম নুরু (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার নুরু ওই গ্রামের ওসমান গনির ছেলে। এর আগে গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুচর গ্রামের ডিসি প্রজেক্ট সংলগ্ন ধলেশ্বরী নদীর তীরে ওই গার্মেন্ট কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

পুলিশ জানান, ২৯ বছর বয়সী ওই নারী নারায়নগঞ্জের ফতুল্লার বিসিক পঞ্চবটি এলাকার একটি গার্মেন্টে চাকরি করেন। ঘটনার দিন কর্মস্থল থেকে সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বাজারস্থ স্বামীর মুদি দোকানে যাচ্ছিলেন। ওই সময় নারী একটি অটোরিকশায় ছিলেন। 

পথে অটোরিকশাটি মোল্লাকান্দি বালুরচর গ্রামের ডিসি প্রজেক্টের সামনে আসলে গতিরোধ করে দুই যুবক। এ সময় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে গার্মেন্ট কর্মীকে তুলে নিয়ে যায় ডিসি প্রজেক্ট সংলগ্ন ধলেশ্বরীর তীরের নির্জন স্থানে। সেখানে আরো ৩ যুবক মিলিত হয়। এরপর সন্ধ্যা থেকে শুরু করে বেশ রাত পর্যন্ত দলবেঁধে ধর্ষণ করে গার্মেন্ট কর্মীকে ছেড়ে দেয়।  

মোবাইল ফোনে কথা হলে ধর্ষণের শিকার নারী গার্মেন্ট কর্মী বলেন, ধারালো অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় আমাকে। নদীর তীরে নির্জন স্থানে বেশ কয়েকজন ধর্ষণ শেষে আমাকে ভয় ভীতি দেখিয়েছে। মারধরও করেছে। এতে মামলা দিতে বিলম্ব হয়। আমি এই নরপশুদের বিচার চাই।

এ ব্যাপারে সিরাজদীখান থানার ইন্সপেক্টর তদন্ত হাবিবুর রহমান বলেন, ওই নারী গার্মেন্ট কর্মীর লিখিত অভিযোগ পেয়ে ডিসি প্রজেক্ট সংলগ্ন ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সেখানে প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সত্যতা পেলে থানায় মামলা রুজু করা হয়। এরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। বাকীদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম নুরুকে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।