শরীয়তপুরের জাজিরায় বন্যপ্রাণী সজারু থেকে ফসল রক্ষার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারিয়েছেন এক কৃষক দম্পতি। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়া কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার ইদ্রিস খাঁ (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৬০)।
জানা গেছে, কৃষক ইদ্রিস খাঁ সজারুর আক্রমণ থেকে ভুট্টা রক্ষার জন্য জমির চারপাশে বৈদ্যুতিক সংযোগ দিয়েছিলেন। শনিবার সকালে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করেই ইদ্রিস খাঁ ও তার স্ত্রী শেফালী বেগম ভুট্টা ক্ষেতে প্রবেশ করেন। এসময় ইদ্রিস খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পরেন। তাকে উদ্ধার করতে গিয়ে সেফালী বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় ঘটনাস্থলেই তারা মৃত্যুবরণ করেন। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক দম্পতির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’