জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বিগত ১৫ বছর শেখ হাসিনার জুলুমবাজ সরকার দেশ পরিচালনা করেছিল। তার নেতা-কর্মীদের অত্যাচার-নির্যাতনে চৌদ্দগ্রামেও অনেক মায়ের বুক খালি হয়েছে। আমি নিজেও কোনো আত্মীয়-স্বজনের মৃত্যুতে তাদের জানাজায় পর্যন্ত আসতে পারিনি। অসংখ্য জামায়াত নেতাকর্মী তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে থেকেছে। আল্লাহর অশেষ রহমতে গত ০৫ আগস্ট এই জুলুমবাজ সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে তিনি এ কথা বলেন। কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১৫ হাজার মহিলা কর্মী উপস্থিত ছিলেন।
সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আমি যখন এই আসনের সংসদ সদস্য ছিলাম তখন চৌদ্দগ্রামের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছি। সে সময় ছিল না অস্ত্রের ঝনঝনানি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ চৌদ্দগ্রামে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, আগামী নির্বাচনে এই আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে এখন থেকেই পরিকল্পিত কাজ করতে হবে। জামায়াতে ইসলামীর প্রার্থী যেন বিপুল ভোটে বিজয় লাভ করতে পারে সেজন্য আপনারা আমাদের মা-বোনদের কাছে গিয়ে ঘরে ঘরে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দিবেন।
চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, রাজনৈতিক ও পার্শ্ব সংগঠনের বিভাগীয় সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইটি, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ শাহজাহান, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কুমিল্লা অঞ্চলের সেক্রেটারি শাহিনা আক্তার, অঞ্চল সহকারী সেক্রেটারি ফেরদৌসী সুলতানা ও শাহিন আক্তার প্রমুখ।