চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভরত আউটসোর্সিং কর্মীদের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নেন আন্দোলনরত আউটসোর্সিং কর্মীরা। অনুরোধ সত্ত্বেও সড়ক থেকে না সরলে পুলিশ তাদের লক্ষ্য করে জলকামান ছোড়ে ও লাঠিচার্জ করে।
রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, আপনারা সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব।
এ সময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, দাবি না মানা পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। প্রয়োজনে আজ আমরা জীবন দেব, তবু দাবি আদায় না করে ঘরে ফিরব না।
পরে বিকেল ৫টার দিকে পুলিশ জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরতদের লক্ষ্য করে জলকামান, টিয়ারশেল ছোড়ে ও লাঠিচার্জ করে।