মেজর লিগ সকারে গেল মৌসুমে রেকর্ড পয়েন্ট গড়ে সাপোটার্স শিল্ড জিতেছিল ইন্টার মায়ামি। তবে এমএলএস কাপ পর্বে মায়ামি বিদায় নেয় প্রথম রাউন্ড থেকেই। সেখানে আটলান্টার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মায়ামি জয় পেলেও দ্বিতীয় ও তৃতীয়টিতে হেরে বিদায় নেয় মেসিদের দল।
বাংলাদেশ সময় কাল সকালে মায়ামি এমএলএস-এ ২০২৫ মৌসুম শুরু করবে। প্রথম ম্যাচে চেস স্টেডিয়ামে মায়ামির প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক ইস্টার্ন কনফারেন্সেরই দল।
গেল মৌসুমে এমএলএস কাপ থেকে বিদায়ের পরই অধিনায়ক মেসি বলেছিলেন, নতুন মৌসুমে তাদের লক্ষ্য হবে সাপোটার্স শিল্ড ধরে রাখার পাশাপাশি এমএলএস কাপ জয় করা।
এমএলএসে গেল মৌসুমে ইন্টার মায়ামি খেলেছে আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্তিনোর কোচিংয়ে। তবে এমএলএস কাপ থেকে বিদায়ের পর মার্তিনো ছাড়েন মায়ামির দায়িত্ব।
দলটির নতুন কোচ এক সময় মেসির সতীর্থ হিসেবে মাঠ মাতানো হাভিয়ের মাশচেরানো। কোচ মাশ্চেরানোর অধিনে এরই মধ্যে মায়ামি বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলেছে। প্রতিযোগিতামূলক ম্যাচেও মাঠে নেমেছে।
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ এর প্রথম রাউন্ডের প্রথম লেগে মায়ামি ১-০ গোলে হারিয়েছে স্পোর্টিং কানসাস সিটিকে। সেই ম্যাচে গোল করেছিলেন মেসি। তার আগে প্রস্তুতি ম্যাচেও মেসি তার ঝলক দেখিয়েছেন।
এই মৌসুমে এমএলএস-এর প্রথম ম্যাচে মায়ামির বেশ কয়েকজন খেলোয়াড় যারা নিয়মিত শুরুর একাদশে খেলেন বিশ্রামে থাকতে পারেন। কানসাসের সঙ্গে মায়ামি ম্যাচ খেলেছে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। স্থানীয় সময় রাতে ম্যাচ ভোরে নিজেদের শহর মায়ামিতে পৌঁছান মেসিরা।
কানসাসে বৈরী আবহাওয়াতে খেলার কারণে সকলকে দেওয়া হয় একদিনের বিশ্রাম। তবে শুক্রবার পুরো দল একসঙ্গে অনুশীলন করেছে। তবু মেসি, সুয়ারেজরা নিউইয়র্ক সিটির বিপক্ষে মাঠে নামলেও হয়তো পুরো ৯০ মিনিট নাও খেলতে পারেন। কারণ মায়ামির এরপর ম্যাচ ২৫ ফেব্রুয়ারি কানসাসের বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের দ্বিতীয় লেগ।