‘বিপ্লব ধরে রাখতে না পারলে ফ্যাসিবাদের পুনর্বাসন হবে’

ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো যেভাবে একসঙ্গে লড়ে বিপ্লব ছিনিয়ে এনেছে, সেটি কোনওভাবে ব্যাহত করা যাবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কোনও ধরনের আপস করা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় আবারও ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ তৈরি হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব কর্তৃক ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খান আমিনুর রহমান, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী কাজী আরশেদুল ইসলাম, প্রেস ক্লাব ব্যবস্থাপনা সদস্য গোলাম মওলা মুরাদ, প্রকৌশলী সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক এস এম. নছরুল কদির, রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, প্রকৌশলী এমাদুল হক, প্রকৌশলী ওসমান গণি, সিরাজুল করিম মানিক, ইসলামিক টিভির সাবেক ব্যুরো প্রধান শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ৫ আগস্ট বিপ্লবের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। ওই সময় পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিবাদ সরকারের বিরূদ্ধে ১৮ কোটি মানুষের মধ্যে ১২ কোটি মানুষ রাস্তায় নেমেছিল। এই পরিবর্তন ছিল ফ্যাসিবাদ বিরোধী বিশাল ঐক্যের পরিবর্তন। এই পরিবর্তন ধরে রাখতে হলে প্রতিটি পেশার ক্ষেত্রে ঐক্যের সম্প্রীতি বাড়াতে হবে।

প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি বলেন, বিপ্লবের পর আইইবির নতুন কমিটি গঠনের মধ্যদিয়ে স্বস্তি ফিরে এসেছে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে। এই ধারা অব্যাহত রাখতে হবে। অভ্যন্তরীণ অন্তর্কোন্দল না রেখে সবাইকে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে।

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান মনজারে খুরশেদ আলম বলেন, সাড়ে ১৫ বছর ধরে আমরা নির্বাচন করতে পারিনি। কেন্দ্রে ঢুকতেও দেয়নি। এমন কি নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করলে হুমকি ও সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতো ফ্যাসিবাদী গোষ্ঠী। তারা শুধু আইইবি নয়, দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে এভাবে ধ্বংস করে দিয়েছে। ৫ আগস্টের পর সেই কালো অধ্যায় পরিবর্তন হয় নতুন কমিটি গঠনের মাধ্যমে।