বড় জয় দিয়ে ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখল বাংলাদেশ জাতীয় কাবাডি দল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে শনিবার নেপালকে ২৪ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্টে নেপালকে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ।
১৯৭৪ সালে বাংলাদেশে প্রথমবার কাবাডি টেস্ট সিরিজ হয়েছিল। বাংলাদেশ খেলেছিল ভারতের বিপক্ষে। ৫১ বছর পর দ্বিতীয় বারের মতো দেশের মাটিতে আয়োজিত হলো কাবাডির এই টেস্ট সিরিজ।
পরিসংখ্যানে সব দিক দিয়েই নেপালের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ১৯৯০ সালে কলকাতায় এক প্রীতি টুর্নামেন্টে নেপালের কাছে হেরেছিল বাংলাদেশ পুরুষ কাবাডি দল। তবে প্রতিযোগিতামূলব কাবাডি ম্যাচে নেপাল কখনও হারাতে পারেনি বাংলাদেশকে। সেই ধারাবাহিকতা মিজানরা ধরে রাখলো সিরিজের প্রথম ম্যাচ থেকেই। শুরু থেকেই নেপালকে চেপে ধরে বাংলাদেশের খেলোয়াড়রা। ২৮-১১ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ। বিরতির পরও নেপালকে কোন সুযোগ দেয়নি স্বাগতিকরা। ৫৩-২৯ পয়েন্টে ম্যাচ জিতে লক্ষ্য পূরণের পথে এগিয়ে গেল বাংলাদেশ।
পল্টন ময়দানে শনিবার বিকালে সিরিজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মিজানুর রহমান। আজ একই ভেন্যুতে বিকাল সাড়ে তিনটায় সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
মার্চে আবারও বোলিং অ্যাকশন পরীক্ষা দেবেন সাকিব
আবাহনীর জয় আবাহনীর হার 