মঈন খানের নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধি দল চীন যাচ্ছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল সোমবার চীন সফরে যাচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির ও সমমনা দলের প্রতিনিধিদের এ সফর। গতকাল শনিবার ছাত্রদলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির তালিকায় রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও তাদের যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারাও রয়েছেন প্রতিনিধি দলে। তাদের মধ্যে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।