বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি ১৭ বছর ধরে নির্বাচনের কথা বলছে এটা নতুন কিছু নয়। কিন্তু আজকে যারা ক্ষমতায় আছে তারা বলছেন, এতো তাড়াতাড়ি কেন। আমি প্রশ্ন করতে চাই আপনাদের কাজটা কি? ৬ মাস হয়ে গেলো নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলোর দাম কমাতে পাড়েননি। বাজার সিন্ডিকেট আওয়ামী লীগ আমলে যা ছিল তাই আছে। কোনো মানুষের কর্মসংস্থান হয়নি।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর তিনটায় পাবলিক লাইব্রেরি মাঠে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবিলায় এই সমাবেশ।
প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, আপনাকে আমি ব্যক্তিগতভাবে অনেক পচ্ছন্দ করি। কিন্তু ৬ মাসেও আপনি কিছু করতে পাড়েননি। কোনো মানুষের আপনি কর্মসংস্থান করতে পাড়েননি। আপনাকে রেখে আমাদের লাভটি কি? এই কথা যদি কেউ তুলে আমরা কি জবাব দেব? বিএনপির মুখটি আপনি রাখলেন বা কি?
শেখ পরিবার নিয়ে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার বিষয়ে বলতে আর ভালো লাগে না। তার বাপ চোর, ভাই চোর, বোন চোর, তার ছেলে মেয়ে সব চোর। একটা মানুষ খুঁজে পাবেন না যে শেখ পরিবারের মধ্যে ভালো।
শামসুজ্জামান দুদু আরো বলেন, বিএনপি নিয়ে টানাটানি করবেন না। বিএনপি চ্যালেঞ্জ নেবার দল। গণতন্ত্রের জন্য যতো রক্ত লাগে সব দিবে বিএনপি। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছে হাটবে না। যে দলের নেতা বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম সে দলকে কীভাবে রুখবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এই বছরেই নির্বাচন হবে, এই বছরেই নির্বাচনে জয় লাভ করবে বিএনপির ধানের শীষ।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।