সাবিনাদের 'অভাব অনুভব' করছেন না অধিনায়ক আফিদা

সংযুক্ত আরব আমিরাত সফর সামনে রেখে রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ ও অধিনায়ক। এই সফরে আমিরাতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

পিটার বাটলারের দলে বিদ্রোহ করা ১৮ জনের কেউ নেই। আমিরাত সফরের জন্য ঘোষিত দলে অধিনায়ক আফিদা খন্দকার।

সাবিনা-মাসুরা-ঋতুপর্ণাদের মতো সাফ জয়ের অভিজ্ঞতা থাকা ১৫ জন নেই দলে। তবে তাদের অভাব অনুভব করছেন না আফিদা। 'আমি অভাব অনুভব করছি না কারণ আগেও আমি এদের (বর্তমান দলের সতীর্থদের) সাথে খেলেছি; অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ দলে একই সাথে খেলেছি। সিনিয়ররা যে ধাপে ধাপে অনুশীলন করেছে, আমরাও সেই ধাপে ধাপে অনুশীলন করেছি।'

বয়সভিত্তিক পর্যায়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে আফিদার। এই প্রথম তিনি জাতীয় দলে নেতৃত্ব দেবেন।

আফিদা আরও বলেন, 'আমি অনূর্ধ্ব-১৯ দলে অধিনায়কত্ব করেছি। ওই দলের বেশিরভাগ খেলোয়াড় এখানে আছে। আমি আমার মত করে চেষ্টা করেছি দলটাকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য।'

আফিদার দলে আছেন সাফ জয়ী ৮ ফুটবলার। বাকি ২৩ জনের মধ্যে ৯ জন একেবারেই নতুন মুখ। তবে দলের ভালো ফলাফলের বিষয়ে আশাবাদী আফিদা। 'আমাদের স্ট্রাইকার লাইন ভালো আছে। ডিফেন্স, মিডফিল্ডও ভালো। আমাদের পুরা দলটাই ভালো। ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট করে দেশে ফিরব।'

ম্যাচ খেলতে সোমবার দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ নারী ফুটবল দল।