সত্যি বলতে ঘরোয়া ক্রিকেটে কোনো উন্নতি দেখছি না: মিঠুন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অবনতি হচ্ছে বলে মনে করেন মোহাম্মদ মিঠুন। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলের দিনে সিসিডিএম কার্যালয়ে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই দুই ক্রিকেটার। তাদের মতে, পারিশ্রমিক কমে যাওয়ায় ঘরোয়া ক্রিকেটারদের অবস্থা আরও কঠিন হয়ে পড়ছে, যা দেশের ক্রিকেটের জন্যও ভালো কিছু নয়। একই সুরে কথা বলেছেন তাইজুল ইসলামও।

মিঠুন স্পষ্ট করেই বলেছেন, ঘরোয়া ক্রিকেটের মান উন্নতির বদলে নিচের দিকেই যাচ্ছে। 'সত্যি বলতে আমি ঘরোয়া ক্রিকেটে কোনো উন্নতি দেখছি না। সেটা বিপিএল হোক বা ডিপিএল। সৎ থেকে বললে, এটা প্রতিনিয়ত নিচের দিকেই যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় উন্নতি হয়, আমাদের এখানে অবনতি হচ্ছে। আপনি যতোই দেশের প্রেক্ষাপট বলেন বা অজুহাত দেওয়ার চেষ্টা করেন, কিন্তু দিন শেষে যখন চাকরি করবেন, আপনি কিন্তু যথাযথ পারিশ্রমিকই আশা করবেন। আমাদেরও পেশা কিন্তু ক্রিকেট। আমরা আশা করি, গত বছর যেখানে শেষ হয়েছে, সেখান থেকে উন্নতি করব।'

মিঠুন যোগ করেন, 'কিন্তু এখন সব ক্রিকেটারের পারিশ্রমিক কমেছে এবং সেটা বড় অঙ্কে কমেছে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা এটা আশা করি না। কতটা কমেছে সেটা ব্যক্তিগতভাবে বলব না, তবে সার্বিকভাবে যদি চিন্তা করেন, গত বছরের তুলনায় এবার ক্রিকেটাররা ৩০ শতাংশ পারিশ্রমিক পাচ্ছে কিনা, সন্দেহ আছে।'

তাইজুলও মনে করেন, টাকার জন্যই ক্রিকেট খেলে খেলোয়াড়রা, আর সেই আয় কমে গেলে সেটি দুঃখজনক। 'আল্টিমেটলি টাকার জন্যই খেলে ক্রিকেটাররা। প্রত্যেকটা টুর্নামেন্ট থেকেই যখন টাকা কমে যায়, অবশ্যই এটা একটা দুঃখজনক বিষয়। শুধু জাতীয় দলের ক্রিকেটার না, অনেক ক্রিকেটার আছে যাদের ঘরোয়া ক্রিকেট খেলে পরিবার চালাতে হয়। তাদের জন্য পরিস্থিতি অনেক কঠিন হয়ে যায়। আমার মনে হয়, ইনশাল্লাহ এই পরিস্থিতি দ্রুত কেটে যাবে।'

জাতীয় দলের ক্রিকেটারদের ওপরও এই ধাক্কা আসে বলে স্বীকার করেছেন তাইজুল। তবে ঘরোয়া ক্রিকেটারদের তুলনায় সেটা তুলনামূলক কম। 'জাতীয় দলের ক্রিকেটারদের ওপর (পারিশ্রমিকের ধাক্কা) আসে না, আমি বলব না। অবশ্যই আসে। তবে যারা শুধু ঘরোয়া ক্রিকেট খেলে, তাদের তুলনায় হয়তো একটু কম আসে। তবে সবার ওপরেই একটা প্রভাব পড়ে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত