অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেননি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ রবিবার রাত ৮টার দিকে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
রবিবার সন্ধ্যায় নাহিদ ইসলামের পদত্যাগের গুঞ্জন ওঠে। এদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় সাক্ষাৎ করতে যান নাহিদ ইসলাম। সেসময় গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা লাগানো ছিল। পরে যখন যমুনা থেকে বের হন, তার গাড়িতে জাতীয় পতাকা ছিল না। এতেই গুঞ্জন ছড়িয়েছে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।
তবে নাহিদ জানিয়েছেন, 'আমি পদত্যাগ করিনি।'
গত ১৭ ফেব্রুয়ারি নাহিদ জানিয়েছিলেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে সপ্তাহের শেষ দিকে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এরপর তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান।