আলুর বীজে ক্ষতিগ্রস্ত কৃষক

নিম্নমানের আলুর বীজ বপন করে ক্ষতিগ্রস্ত হয়েছেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, প্রকাশ বীজ ভা-ার থেকে ৬শ কেজি আলুর বীজ কিনে জমিতে লাগিয়েছেন আব্দুল সোবহান। কিছু বীজ থেকে চারা গজালেও অধিকাংশ নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়ে কোনো উপায় না পেয়ে লিখিত অভিযোগ করেছেন কৃষি বিভাগে। একই এলাকার আরেক চাষি মো. সুমন মিয়া ৪০ শতক জমিতে আলু চাষ করেছেন। তিনিও প্রকাশ বীজ ভা-ার থেকে তিন মণ আলুর বীজ ক্রয় করেছিলেন। জমিতে রোপণের পর অনেক বীজ না গজানোয় খরচের টাকা উঠানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা তামিম আজিজ জানান, কৃষক সোবহানের অভিযোগের ভিত্তিতে জমি পরিদর্শন করতে এসেছেন। আলুর বীজ শতভাগ না গজানোর কারণেই প্রতিটি সারিতেই কমবেশি ফাঁকা রয়েছে । তদন্তকারী কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও আব্দুল আজিজ জানান, বীজগুলো নিম্নমানের, কৃষকরা অনেক কষ্ট করে টাকা ধার নিয়ে চাষ করেন, যাতে কোনো কৃষক ক্ষতির শিকার না হয় সে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে কনে।

মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া বলেন, অভিযোগ তদন্তে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।