বিকাশ এজেন্টকে হত্যার দায়ে ঠিকাদারের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে যুবককে হত্যার দায়ে এক ঠিকাদার ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম আব্দুর রহমান (৪০)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর থানার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। একই মামলায় নাছির উদ্দিন নামে আরেক আসামি বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ১৫ অক্টোবর বিকালে নগরের অলঙ্কার মোড় এলাকা থেকে বিজয় কুমার বিশ্বাস নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। খুনের শিকার বিজয় নগরের ইপিজেড থানার নেভি হাসপাতাল গেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি কুমিল্লা জেলায়। নেভি  গেইট এলাকায় ওয়েল ফেয়ার মার্কেটে চাঁদনী এন্টারপ্রাইজ এন্ড গিফট শপ নামে একটি দোকান ছিল বিকাশ এজেন্ট বিজয় কুমার বিশ্বাসের।

বিজয়ের লাশ উদ্ধারের এক সপ্তাহ পর ইপিজেড থানা এলাকার বাসা থেকে ঠিকাদার আবদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নেভী ওয়েল ফেয়ার মার্কেটে তার প্রতিষ্ঠানের কার্যালয়। একই মার্কেটের  দোকান হওয়ায় আবদুর রহমান ও বিজয়ের মধ্যে ভালো সম্পর্ক ছিল। এজন্য প্রতিমাসে সাত হাজার টাকা লাভে দেড় লাখ টাকা আবদুর রহমানকে ঋণ হিসেবে দিয়েছিল বিজয়। কিন্তু আবদুর রহমান টাকা পরিশোধ করতে না পারায় দুজনের মধ্যে টানাপোড়ন চলছিল। ২০২০ সালের ১৪ অক্টোবর টাকা পরিশোধের কথা বলে বিজয়কে তার প্রতিষ্ঠানে ডেকে নেন আবদুর রহমান। দুজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে আবদুর রহমান ধাক্কা দিলে বিজয় মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। তখন গলায় ইন্টারনেটের তার পেঁচিয়ে বিজয়কে হত্যা করা হয়। 

এ ঘটনায় জয়ের ভাই সঞ্জয় কুমার বিশ্বাস বাদি হয়ে নগরের পাহাড়তলী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ১০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২২ সালের ২০ এপ্রিল দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।