আশুলিয়া

নিজ বাড়িতে অভিনেতা গুলিবিদ্ধের ঘটনায় ওসি ক্লোজড

সাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে অভিনেতা আজিজুর রহমান আজাদ (৩৪) গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উদঘাটন করতে পারেনি ঘটনার মোটিভও। এদিকে নিজ বাসায় অভিনেতা গুলিবিদ্ধের ঘটনার পর আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকীকে ক্লোজড (প্রত্যাহার) করে ঢাকা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সোমবার ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ টিভি অভিনেতা আজিজুর রহমান আজাদ রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রোকসানা হকও (৩৩) আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এর আগে রবিবার ভোরে নিজ বাসায় গুলিবিদ্ধ হন আজিজুর রহমান আজাদ।

তিনি বলেন, ভোরে গ্রিল কাটার শব্দে তার ঘুম ভাঙে। এ সময় তিনি বাসায় দুর্বৃত্তদের উপস্থিতি টের পেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি ছোড়ে। এসময় তাকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় স্ত্রী রোকসানা হক (৩৩) ও মা আজিজুন্নাহার (৬৫) আহত হন। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের চিকিৎসক ডা. কামরুজ্জামান বলেন, অভিনেতার শরীরে তিনটি গুলি লেগেছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

প্রসঙ্গত, মাত্র দেড় মাসের মাথায় ঢাকার আশুলিয়া থানার ওসি নুরে আলম সিদ্দিকীকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে ঢাকা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে গত ৮ জানুয়ারি রাতে নুরে আলম সিদ্দিকী আশুলিয়া থানায় ওসি হিসেবে যোগদান করেন। তবে তিনি আশুলিয়া থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলার অবনতি ঘটতে থাকে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি শিল্পাঞ্চলে ছিনতাই ও ডাকাতির ঘটনাও বেড়েছে আশঙ্কাজনক হারে। এছাড়া কয়েক দিনের ব্যবধানে ঝুট ব্যবসা নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিকবার গোলাগুলি ও অস্ত্র নিয়ে মহড়ার পাশাপাশি ঝুটের গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। আশুলিয়া থানায় পদায়নের আগে নুরে আলম সিদ্দিকী বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।