ফারজানার সেঞ্চুরি, দিলারা-স্বর্ণার ব্যাটিং ঝড় 

ঢাকা প্রিমিয়ার উইমেনস ক্রিকেট লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন ফারজানা হক, দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার। ফারজানা তুলে নেন চলতি লিগের প্রথম সেঞ্চুরি, আর দিলারা ও স্বর্ণার বিধ্বংসী ইনিংসে বিশাল সংগ্রহ গড়ে আবাহনী লিমিটেড। 

বাংলাদেশ আনসার ও ভিডিপির বিপক্ষে ইউল্যাব মাঠে ১৩০ বলে ৭ চার হাঁকিয়ে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন ফারজানা। উদ্বোধনী ব্যাটার দিলারা ৩৫ বলে ৫৯ রান করেন ১১ চার ও ১ ছক্কায়। অন্যদিকে, স্বর্ণা ৪৮ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন ১০ চার ও ৩ ছক্কায়। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে ৩ উইকেটে ৩১১ রান করে আবাহনী। পরে ১৫০ রানে আনসারকে অলআউট করে ১৬১ রানের বিশাল জয় তুলে নেয় দলটি। 

বোলিংয়ে লাবণী ছিলেন দুর্দান্ত। ১০ ওভারে ৩ মেডেনসহ ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। ঝড়ো ব্যাটিংয়ের পর ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন স্বর্ণা। 

বিকেএসপির ৩ নম্বর মাঠে বাংলাদেশ পুলিশের বিপক্ষে মোহামেডানের হয়ে দুর্দান্ত বোলিং করেন রুমানা আহমেদ। ১০ ওভার বল করে ৮ মেডেনসহ মাত্র ২ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। তার বোলিং দাপটে ৮৭ রানে গুটিয়ে যায় পুলিশ। রান তাড়ায় ৩১ বলে ৫০ রানে অপরাজিত থেকে দলকে ৯ উইকেটে জেতান জেসিয়া আক্তার। 

এদিকে, বিকেএসপিকে হারিয়ে গুলশান ইয়ুথ প্রথম হার উপহার দেয় স্বাগতিক দলকে। পেস অলরাউন্ডার রিতু মনি ১০ ওভারে ৩৫ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

কলাবাগানের হয়ে ১৪৫ রানের জুটি গড়েন ফাতেমা তুজ জোহরা ও ফারজানা আক্তার লিসা। ৭২ রান করেন লিসা, আর ৯৪ রানে অপরাজিত থাকেন ফাতেমা। তবে খেলাঘরের সুলতানা খাতুন ৮০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে দলকে ৬ উইকেটে জয় এনে দেন। 

এখন পর্যন্ত তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে গুলশান ইয়ুথ। আবাহনী, বিকেএসপি ও খেলাঘরের রয়েছে দুটি করে জয়।